লক্ষ্মীপুরের রামগতিতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশি ও বিদেশি মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি উপজেলার চর সেকান্দর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকাটি তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. হারুন (৩৩)। তিনি রামগতি উপজেলার মধ্য চর সেকান্দর এলাকার বাসিন্দা এবং বাহার পাটোয়ারীর ছেলে।
কোস্ট গার্ড সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা সম্ভব হয়।
এ বিষয়ে কোস্ট গার্ডের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট এস এম শাজিদ মোস্তফা তনু (এক্স) বিএন বলেন,
“জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
স্থানীয়রা কোস্ট গার্ডের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান চালানো হলে উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।