লক্ষ্মীপুর-১ আসনে জামায়াত প্রার্থী নাজমুল হাসানের প্রার্থিতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেওয়ার পর নিজের ফেসবুক আইডিতে আবেদনপত্রের ছবি প্রকাশ করেন জামায়াত প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান। ছবি: অনলাইন
প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেওয়ার পর নিজের ফেসবুক আইডিতে আবেদনপত্রের ছবি প্রকাশ করেন জামায়াত প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান। ছবি: অনলাইন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। একই দিন তিনি ওই আবেদনপত্রের একটি ছবি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।

প্রার্থিতা প্রত্যাহারের আবেদনে মোহাম্মদ নাজমুল হাসান উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিলেন। তবে ১০ দলীয় জোটের সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোহাম্মদ নাজমুল হাসান লেখেন,

“ব্যক্তির চেয়েও দল বড়,
দলের চেয়েও দেশ বড়।
আনুগত্য, সংগঠন ও শৃঙ্খলাই আমাদের শক্তি।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহবুব আলমের নাম ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত