লক্ষ্মীপুরের রামগঞ্জে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে মহসিন হোসেন (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন ওই এলাকার উজির আলী হাজী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় কালুপুর মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয় মহসিন। খেলা শেষে তারা পাশের একটি বিলে গোসল করতে নামে। একপর্যায়ে মহসিন বিলের গভীর গর্তে পড়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কিছু সময় পর তার মরদেহ পানিতে ভেসে ওঠে।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।