রামগঞ্জে ৫ টাকার বিরোধে প্রবাসীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
 ছবি: নিহত আলমগীর হোসেন
ছবি: নিহত আলমগীর হোসেন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের পাঁচ টাকা লেনদেনকে কেন্দ্র করে আলমগীর হোসেন নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ বিলের পাঁচ টাকা লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে আলমগীর বাড়ির পাশের একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মারধরের পর আলমগীরকে ঘটনাস্থলে ফেলে রেখে যাওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজীমি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

সম্পর্কিত