বিএনপি ক্ষমতায় গেলে কর্তৃত্ববাদী শাসনের আশঙ্কায় লক্ষ্মীপুর-১ আসনের মাহবুব আলম

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। ছবি: দৈনিক নতুনচাঁদ
রামগঞ্জে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও ন্যাশনাল কনসেনসাস পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আবারও একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে। বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক আচরণ ও সিদ্ধান্তহীনতা সেই আশঙ্কাকেই স্পষ্টভাবে তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রামগঞ্জে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন মাহবুব আলম।

তিনি বলেন, দেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি শুরু থেকেই আন্তরিকতার অভাব দেখিয়ে আসছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্তে এসে বারবার ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করে তারা সংস্কার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। এতে প্রমাণিত হয়, বিএনপি প্রকৃত অর্থে কোনো সংস্কার চায় না।

মাহবুব আলম আরও অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দল ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে আসনের লোভ দেখিয়ে বিলুপ্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, “এটি মূলত দেশে ‘বাকশাল ০.২’ প্রতিষ্ঠার একটি গভীর ষড়যন্ত্র, যার মাধ্যমে বহুদলীয় রাজনীতিকে ধ্বংস করার অপচেষ্টা চলছে।”

তিনি দাবি করেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১০ দলীয় জোট আপসহীন অবস্থানে রয়েছে এবং এ জোটের প্রার্থীরা জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, পৌর নায়েবে আমির মাস্টার আবুল হোসেন, সেক্রেটারি ইসমাইল ইলিয়াস ও এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত