লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৬ হাজার টাকা।
বুধবার বিকেলে রামগতি থানাধীন সেকান্তর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট রামগতির সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের সন্ধান পাওয়া যায়। পরে বাসটি থেকে আনুমানিক ৭১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
তবে অভিযানের সময় নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিককে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।