ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শাতে (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন প্রশাসন।
রোববার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাঁদের শোকজ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমুল হক।
শোকজ নোটিশে বলা হয়, সোমবার সকাল সাড়ে ৯টার মধ্যে শহরের সব স্থান থেকে সংশ্লিষ্ট বিলবোর্ড অপসারণ করতে হবে। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে বেলা ১১টার মধ্যে প্রার্থীকে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে সশরীর উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
তবে এনসিপির দাবি, নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিধিবহির্ভূতভাবে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। দলটির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, এ নোটিশের কোনো আইনি ভিত্তি নেই।
এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’—এই স্লোগান সংবলিত ব্যানার টাঙানো হয়েছে, যা নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর শাপলাকলি প্রতীকে ভোট চাওয়ার কোনো প্রচার নয়। গণভোট সংক্রান্ত যেসব বিধিমালা রয়েছে, সেগুলো লঙ্ঘন করা হয়নি এবং নির্বাচনী আচরণবিধিরও কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছে দলটি।