পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ পলাতক স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে।
শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘নারীর অগ্রযাত্রা : শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে সেই শাসনব্যবস্থা পরিচালিত হয়েছে। শেখ হাসিনার বিচার ও সাজা হয়েছে এবং আরও অনেক স্বৈরাচারীর সাজা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা যেসব দেশে অবস্থান করছে, সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
শামা ওবায়েদ বলেন, কূটনৈতিক সব ধরনের প্রচেষ্টার মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে।
‘নারীর অগ্রযাত্রা : শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক এ সেমিনারে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের নারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।