সরকারি সুযোগ-সুবিধা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
 ছবি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ছবি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা করমুক্ত গাড়ি বা সরকারি প্লটের সুবিধা নেবেন না। তবে সরকারি দায়িত্ব পালনের জন্য নির্ধারিত আবাসন ব্যবহার করা হবে, যা ব্যক্তিগত মালিকানার কোনো সুবিধা নয়।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের সময় দেশবাসীর সামনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, কেউ সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করলে সেটি অপরাধ নয়, তবে তাদের দল যতটা সম্ভব এসব সুবিধা গ্রহণ থেকে বিরত থাকার নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, নির্বাচনের আগে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয়েছিল যে দলের কেউ নির্বাচিত হলে করমুক্ত গাড়ি কিনবেন না এবং সরকারি প্লটও গ্রহণ করবেন না। তবে এ বিষয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারি ফ্ল্যাট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব পালনের জন্য সরকার নির্ধারিত আবাসন ব্যক্তিগত সম্পত্তি নয়। সংসদ কার্যকর থাকা পর্যন্ত এটি ব্যবহার করা যায়, কিন্তু সংসদ বিলুপ্ত হওয়ার পর সেখানে থাকার কোনো নৈতিক বা আইনগত অধিকার থাকে না। তাই বিষয়টি নিয়ে অযথা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষার বিষয়েও সংসদে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রবাসীদের নানা ভোগান্তির বিষয় সংসদে জোরালোভাবে তুলে ধরা হবে।

মালয়েশিয়ায় কম খরচে কর্মী পাঠানোর বিষয়ে নিজের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৮৫ হাজার টাকায় কর্মী পাঠানোর কথা বলায় একটি সিন্ডিকেট অসন্তোষ প্রকাশ করেছে। তিনি অভিযোগ করেন, দালালচক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

সম্পর্কিত