বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। দলটির নেতাকর্মীদের নৈতিকতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত ফেরেশতাদের দল নয়, এটি মানুষের সংগঠন। মানুষের ভুলত্রুটি হতে পারে, তবে ভুল হলে তা সংশোধনের সুযোগ রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে আয়োজিত জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী জামায়াতের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা তুলে ধরবেন। তিনি বলেন, জামায়াত নিজেদের ভুল সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছে।
বক্তব্যে জামায়াত আমির দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ধরনের ছাড় দেবে না। নিজেদের কর্মকাণ্ডে সততা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানবজাতির শুরু থেকেই শয়তান মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছে। তাই সবসময় নিজেদের মধ্যে আল্লাহভীতি ও নৈতিক মূল্যবোধ ধরে রাখতে হবে।