জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশ সবার, তাই দেশকে রক্ষা করাও সবার দায়িত্ব। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের এক ইঞ্চি জায়গা বা একটি বালুকণার ওপরও কাউকে আধিপত্য করতে দেওয়া হবে না। প্রয়োজনে বিজিবির পাশাপাশি দেশপ্রেমিক ও ঈমানী শক্তি নিয়ে সবাই সীমান্ত রক্ষায় এগিয়ে আসবে।
তিনি আরও বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে যে বিল সংসদে এনেছে, তারা মাদক নিয়ন্ত্রণ নয় বরং নির্মূলের দাবি জানাচ্ছে। তার মতে, শুধু নিয়ন্ত্রণ নয়, সমাজ থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে।
ডা. শফিকুর রহমান সংসদে এক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, মাদকের বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার মাধ্যমে আসে—এমন অভিযোগ রয়েছে, যা গুরুত্ব দিয়ে দেখা উচিত। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম আরও জবাবদিহিমূলক করার আহ্বান জানান।
নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।
এছাড়া নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।