জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সংস্কারের নামে প্রধানমন্ত্রী জাতির সঙ্গে প্রতারণা করছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কারের নামে যে প্রতারণা চলছে, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও রাজপথে নামবে। তিনি অভিযোগ করেন, বিএনপি দেশে চাঁদাবাজিতে ব্যস্ত রয়েছে এবং পলাতক স্বৈরাচারের সহযোগীরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করা হবে। শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করবেন।
এনসিপির এই নেতা আরও বলেন, দেশে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। টেন্ডারবাজি ও সব ধরনের দুর্নীতি বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জুলাই পদযাত্রার সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি, সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম এবং সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ দলটির নেতারা।