হাওরের কষ্ট দেখতে এমপিদের আহ্বান নাহিদের

স্টাফ রিপোর্টার
 ছবি: বিরোধীদলীয় চিপ হুইফ নাহিদ ইসলাম
ছবি: বিরোধীদলীয় চিপ হুইফ নাহিদ ইসলাম

হাওরবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংসদের ৩০০ জন সংসদ সদস্যের হাওরাঞ্চলে এসে মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র দেখে যাওয়া উচিত।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় নেত্রকোনার খালিয়াজুরীতে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, হাওরাঞ্চলের অবহেলিত মানুষের জন্য সরকারের বিশেষ বরাদ্দ ও আলাদা পরিকল্পনা থাকা প্রয়োজন। হাওরকে পরিকল্পিতভাবে গড়ে তুললে এখানে পর্যটন খাতেরও উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, হাওর এলাকায় এখনো অনেক মৌলিক সুবিধার ঘাটতি রয়েছে। এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট, ডিশসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা নেই। হাওরবাসীর জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, জনপ্রতিনিধিদের উচিত হাওরের মানুষের সমস্যাগুলো সংসদে তুলে ধরা এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার জুলাই চেতনাকে কাজে লাগিয়ে ক্ষমতায় গেলেও এখনো জুলাই সনদ বাস্তবায়ন করেনি। এটি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

খালিয়াজুরীতে এনসিপির জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্যসচিব ও উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সচিব সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রাহমান খান পাঠান, জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক জামিল ফয়েজী এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেল।

সম্পর্কিত