মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল দাখিল

স্টাফ রিপোর্টার
 ছবি: মনিরা শারমিন
ছবি: মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মনিরা শারমিন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে যাচ্ছেন। রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন জমা দেবেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান তার প্রার্থিতা বাতিল করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিরা শারমিন ২০২৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালে পদত্যাগ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনো সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকে না। এই বিধান অনুযায়ী তার ক্ষেত্রে নির্ধারিত সময় পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত বুধবার (২২ এপ্রিল) বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে, এনসিপির আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ায় তার আবেদন শুরুতেই গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আগামী ১২ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত