টাকায় জনগণের মর্যাদা কেনা যাবে না: মামুনুল হক

স্টাফ রিপোর্টার
 ছবি: মামুনুল হক
ছবি: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি থাকলেও অর্থের বিনিময়ে জনগণের সম্মান ও মর্যাদা কেনা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের রাজনৈতিক কৌশল গ্রহণ করা হলে তার পরিণতি ভালো হবে না।

শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, জনগণের মতামত ও গণভোটের রায় শান্তিপূর্ণ উপায়ে বাস্তবায়ন করা উচিত। তিনি দাবি করেন, সরকারের দায়িত্ব হবে জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

তিনি আরও বলেন, দেশের জনগণের ভোটাধিকার বা সংস্কারের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে তা সংশ্লিষ্টদের জন্য আত্মঘাতী হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় সংসদে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক চুক্তিগুলো উপস্থাপন করা উচিত, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তিনি সরকারের অর্থনীতি, দ্রব্যমূল্য, জ্বালানি মূল্য বৃদ্ধি এবং সাম্প্রতিক বিদেশ সফরের বিভিন্ন দিক নিয়েও সমালোচনা করেন।

সমাবেশে বাংলাদেশ নেজামে ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাগপা, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতা বক্তব্য দেন।

সম্পর্কিত