রাজশাহী সবার, ঐক্যেই এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
ছবি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী সবার। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রিয় এই নগরী আরও এগিয়ে যাবে। দলীয় অন্ধত্ব নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই রাজশাহীর উন্নয়নে কাজ করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে তিন দিনব্যাপী ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, হার্ট ফাউন্ডেশন তিলে তিলে আজকের অবস্থানে এসেছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। শিশু শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় তিন দিনব্যাপী যে কার্যক্রম পরিচালনা করা হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে হার্ট ফাউন্ডেশন আরও ভালো কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন দাবির বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফাউন্ডেশনে অনুদান বৃদ্ধি এবং বৃহৎ পরিসরে হাসপাতালের কার্যক্রম পরিচালনার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, এ কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৫০০ শিশুর হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী।

হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

এর আগে গত ২২ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজনে চীনের চার সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল অংশ নেয়। এতে ২ হাজার ৬০০ জন শিশু নিবন্ধন করে। কার্যক্রমে সহযোগিতা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ।

সম্পর্কিত