স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি মানুষের জন্য এবং দেশের জন্য রাজনীতি করে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব এবং সবসময় মানুষের পাশে থাকাই দলটির রাজনৈতিক অঙ্গীকার।
শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা চত্বরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় গৃহহারা পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির সরকার জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ। তাই যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। তিনি বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই বিএনপির উদ্দেশ্য, আদর্শ ও অঙ্গীকার।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা’—এই নীতি অনুসরণ করছেন। সরকার ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা করার দায়িত্ব নিয়েই কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু গৃহহীন মানুষই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি এবং গবাদিপশুর খামারিদের পুনর্বাসনের জন্যও সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্তরা এর সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদরাসা ও রাস্তাঘাট দ্রুত সংস্কারে কাজ চলছে। পাশাপাশি উপকূলীয় জেলাগুলোতে শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য বন্ধ থাকা স্লুইস গেটগুলো খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে স্লুইস গেট ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে প্রাথমিকভাবে পেকুয়া ও চকরিয়ার বন্যায় গৃহহীন ২০টি পরিবারের মাঝে টিন ও গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়। পরে আরও ৮০টি পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সহায়ক সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়।
এদিকে, শনিবার সকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্বাচনী এলাকা পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি পেকুয়ার মেহেরনামা, শিলখালী, বারবাকিয়া বাজার, টইটং ও রাজাখালী সবুজ বাজার এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে উজানটিয়া সোনালী বাজার এলাকার স্লুইস গেট পরিদর্শন করেন।