দেশ এখন গোলামি ও আজাদির পক্ষে—দুই ভাগে বিভক্ত: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবীদ্বারে আগ্রাসনবিরোধী পদযাত্রায় বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
কুমিল্লার দেবীদ্বারে আগ্রাসনবিরোধী পদযাত্রায় বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

দেশ এখন দুটি স্পষ্ট ধারায় বিভক্ত—একটি গোলামির পক্ষে, অন্যটি আজাদির পক্ষে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বুধবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘আগ্রাসনবিরোধী পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি পক্ষ চায় ভারতের তাঁবেদারি ও পরাধীনতা, আরেকটি পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা ও প্রকৃত স্বাধীনতা। তিনি বলেন, “আমরা চাই—কে দেশ পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে।”

তিনি অভিযোগ করেন, অতীতে প্রশাসন ও পুলিশ ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করেছে। কিন্তু এমন সরকার টেকেনি উল্লেখ করে তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের কাজ ভোটে সিল মারা নয়, বরং জনগণ যেন নির্ভয়ে ভোট দিতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করা। এ ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পুলিশ ও প্রশাসনের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে এনসিপির এই নেতা বলেন, নিরপেক্ষ দায়িত্ব পালন করলে জনগণ তাদের সম্মান দেবে, অন্যথায় অতীতে অভিযুক্ত কিছু কর্মকর্তার মতো পরিণতি ভোগ করতে হতে পারে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক ধারা চাঁদাবাজ, মাফিয়া ও ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে। ২০০৯ সালের পর গণতন্ত্রের জন্য যাঁরা রাজপথে রক্ত দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আবারও পরাধীন রাজনীতির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে একই দিন দেবীদ্বারের ফতেহাবাদ ইউনিয়নে শহীদ ওসমান হাদির স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে ওসমান হাদি শহীদ হয়েছেন। কিন্তু হত্যার তিন সপ্তাহ পার হলেও বিচার নিশ্চিত না হওয়াকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা ব্যাংকের ও জনগণের টাকা ফেরত দেয় না, তারা সংসদে গিয়ে জনগণের কী সেবা দেবে—তা স্পষ্ট। তিনি ব্যালটের মাধ্যমে ঋণখেলাপিদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

সম্পর্কিত