দীর্ঘ ১৬ বছর ধরে আন্দোলন ও নির্যাতনের পরও বিএনপি ও অন্যান্য দল জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে এই আয়োজন করা হয়।
আব্দুল হান্নান মাসউদ বলেন,
দেশের মানুষ এখন নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা ও নতুন বন্দোবস্তের স্বপ্নে আস্থা রাখছে। তার মতে, সেই আকাঙ্ক্ষা থেকেই তরুণরা আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটিয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলন শুধুমাত্র একটি সরকারের পতনের জন্য ছিল না, বরং এটি ছিল নতুন রাজনৈতিক সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের লড়াই।
বিএনপির ৩১ দফা কর্মসূচির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জনগণকে প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে তা বাস্তবায়ন না করে প্রতারণা করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা ও গুম প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হয়নি বলেও তিনি দাবি করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠনের প্রায় চার হাজার সদস্য আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন। সংগঠনের নেতারা বলেন, রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ।