কুমিল্লায় এক প্রতিবাদ সমাবেশে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বলেছেন, সীমান্তে পুশ ইন (অনুপ্রবেশ) ও সীমান্ত হত্যা দেশের জনগণ ও বিজিবি শক্ত হাতে প্রতিহত করবে। তাঁরা দাবি করেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দেশের সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছে।
শুক্রবার (১২ জুন) বিকাল ৫টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক পুশ ইন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক আব্দুল মতিন, মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মোবারক হোসেন, এনসিপি যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক এবং খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুল কাদের জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।
উল্লেখ্য, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ‘পুশ ইন’ ঘটনাকে কেন্দ্র করে ১১ দলীয় জোট দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছে।