পানি সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার এই দায়িত্বপ্রাপ্তিকে লক্ষ্মীপুরবাসী দেখছেন জেলার জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সংযোগ এবং সংসদে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে নদীভাঙন রোধ, টেকসই পানি ব্যবস্থাপনা, বেড়িবাঁধ উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন- এমন প্রত্যাশা এলাকাবাসীর।
বিশেষ করে মেঘনা নদীর ভাঙন, চরাঞ্চলের স্থায়ী সুরক্ষা, কৃষি ও মৎস্যখাতের পানিনির্ভর সমস্যার সমাধানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্ব লক্ষ্মীপুরসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
জাতীয় রাজনীতিতে লক্ষ্মীপুরের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হওয়ায় জেলায় আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।