ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় ছবি: ফাইল ছবি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় ছবি: ফাইল ছবি।

ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের জিলা স্কুল হোস্টেল মাঠে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের একজন নগরের মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭)। তিনি পেশায় মাছ বিক্রেতা। অপর নিহত যুবকের নাম রাকিব মিয়া হলেও তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, জিলা স্কুল হোস্টেল মাঠে পরিত্যক্ত একটি টিন শেডের পেছনে থাকা অকেজো ল্যাম্পপোস্ট চুরির উদ্দেশ্যে করাত দিয়ে কাটছিলেন রাকিব। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ঘটনাটি দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান হৃদয় মিয়া। এক পর্যায়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন হৃদয়।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই নজরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের স্বজনরা মরদেহ নেওয়ার জন্য হাসপাতালে ভিড় করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত