সাভারে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে এক দিনের ব্যবধানে পৃথক দুটি স্থানে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বনগ্রামের একটি মুদি দোকানে এবং বৃহস্পতিবার (২১ মে) পার্শ্ববর্তী এলাকায় অপর একটি ঘটনায় এই অভিযোগ ওঠে।

পুলিশ জানায়, সাভারের আমিনবাজার ইউনিয়নে প্রতিবেশী সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৬৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সাভার মডেল থানাধীন বনগাঁও ইউনিয়নের পাছ বনগ্রাম এলাকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাহজাহান (৬০) নামের এক মুদি দোকানিকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তথ্য ও পারিবারিক সূত্র অনুযায়ী, বুধবার দুপুরে বিদ্যালয়ের টিফিন বিরতির সময় ওই শিক্ষার্থী বিস্কুট কিনতে একটি দোকানে যায়। অভিযোগ রয়েছে, দোকানি তাকে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়।

বিদ্যালয় শেষে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে বিষয়টি প্রকাশ পায়। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ইমরান হোসেন জানান, অভিযোগের পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত