টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুর, ১৯ এপ্রিল, ২০২৬ : টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে অপহৃত জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তাররা হলেন—পাবনা জেলার ঈশ্বরদী থানার গোয়ালবাতান গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৬), নওগাঁ জেলার বদলগাছি থানার যারফালা গ্রামের বাবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৬), পাবনার খালেশপুর এলাকার ফজলু শেখের ছেলে রেজাউল ইসলাম হৃদয় (৩১), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার দাড়িগাছা গ্রামের এমাজ উদ্দিনের ছেলে সেলিম রেজা (৩৭) এবং ঢাকার আশুলিয়ার আনাকলি এলাকার রহিম মৃধার মেয়ে সানজিদা আক্তার রুপা (৩৫)। তারা টঙ্গীর হোসেন মার্কেট, আউচপাড়া ও সফিউদ্দিন রোড এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, শুক্রবার টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে জাকির হোসেনকে অপহরণ করা হয়। এ ঘটনায় শনিবার ভিকটিমের ভাই শাকিল মিয়া টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর টঙ্গী পশ্চিম থানার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে টঙ্গী পুলিশকে টাঙ্গাইল জেলা পুলিশ সহযোগিতা করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত