মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জোরারগঞ্জ থানা-পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ভোরে জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিম বড়দেইল এলাকার বাসিন্দা মো. নুর নবী প্রকাশ রাসেল (৩৬), কুমিল্লার লালমাই উপজেলার কালাম (২৮) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সেলিম (২০)।

পুলিশ জানিয়েছে, নুর নবী প্রকাশ রাসেলের বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মাওলানা শফিউল আলম নিজামী সড়কের সামনে থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে তাদের ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত