সুনামগঞ্জ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে শহরের আলফাত স্কয়ার এলাকায় এ আগুন লাগে। এতে ১২টি দোকান, কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় এবং একটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, আলফাত স্কয়ারের পূর্ব পাশে শহীদ মিনারের বিপরীতে থাকা একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পার্শ্ববর্তী দোকান ও পেছনের একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন স্কয়ারের দক্ষিণ পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় জুতা, কাপড়, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে আরও দুটি ইউনিট এসে যোগ দেয়।
দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ব্যবসায়ী আবদুল হালিম জানান, আগুনে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন নেভাতে গিয়ে পানির সংকট বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রথমে ফায়ার সার্ভিসের গাড়ির পানিই ব্যবহার করা হয়। পরে শহরের বিভিন্ন পুকুর থেকে পাইপের মাধ্যমে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী হায়দার বলেন, দোকানগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার বিষয়ে আগেই পরামর্শ দেওয়া হলেও তা অনেকেই মানেননি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।