গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: জুবায়ের হোসেন
ছবি: জুবায়ের হোসেন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামে বাড়ির গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের হোসেন ভাঙবাড়িয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, গ্রিলের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎ লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, কিশোরটিকে নিথর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত