নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার হারুন অর রশিদের ছেলে সবুজ (২৯)।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ ও ব্যবহৃত মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।