প্রশাসনে স্বৈরাচারের দোসর রয়েছে: শাহাদাত সেলিম

স্টাফ রিপোর্টার
 ছবি: শাহাদাত হোসেন সেলিম।
ছবি: শাহাদাত হোসেন সেলিম।

প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ‘স্বৈরাচারের দোসর’ রয়েছে বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

রামগঞ্জের জিয়া চত্বর থেকে সোনাপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের নির্মাণকাজ ধীরগতিতে চলা এবং নির্ধারিত সময়েও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ওই পোস্ট দেন তিনি।

শাহাদাত হোসেন সেলিম লেখেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো পতিত স্বৈরাচারের অনুসারীরা সক্রিয় রয়েছে। তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে এবং সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগকে স্থবির করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সড়ক নির্মাণকাজের ধীরগতির কারণ হিসেবে কয়েকজন ঠিকাদারের গাফিলতি, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, পর্যাপ্ত আর্থিক সক্ষমতা ও দক্ষতা না থাকা সত্ত্বেও একসঙ্গে একাধিক কাজ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও তদারকির ঘাটতির কথা উল্লেখ করেন তিনি। এর ফলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে বলেও জানান।

তিনি আরও বলেন, ৪ আগস্ট লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা রক্ষা সভায় পানিসম্পদমন্ত্রীর উপস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাত দিনের মধ্যে রামগঞ্জের জিয়া চত্বর থেকে সোনাপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও কাজের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শাহাদাত হোসেন সেলিম বলেন, সরকার পরিচালনায় এখন আরও কঠোর হওয়ার সময় এসেছে। প্রশাসনকে গতিশীল করতে হবে এবং সর্বত্র সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে শুক্রবার (১৩ আগস্ট) তিনি বলেন, জনগণের দুর্ভোগ দেখে তিনি কষ্ট পাচ্ছেন। কাজটি দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিকবার কথা বলেও কার্যকর ফল না পাওয়ায় শেষ পর্যন্ত ক্ষোভ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট দিয়েছেন।

উল্লেখ্য, শাহাদাত হোসেন সেলিম আগে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজ দল বিলুপ্ত করে তিনি বিএনপিতে যোগ দেন।

সম্পর্কিত