সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে যানবাহন ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম শামীম উদ্দিন (২৭)। তিনি তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয় এবং শামীম উদ্দিনকে আটক করা হয়।
নিহত নাঈম হোসেন (২৫) সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী হলেও পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা উদ্ধার ও জড়িতদের শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। বুধবার সন্ধ্যায় তাড়াশের জাহাঙ্গীরগাতি এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে নাঈম হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে খৈচালা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে একই দিন সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা খাতুন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।