সাইফুল ইসলাম হত্যা: চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ

স্টাফ রিপোর্টার
 ছবি: চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যা মামলার চার্জ গঠন
ছবি: চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যা মামলার চার্জ গঠন

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের করা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ চার্জ গঠন করেন। এ সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামি উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়েছে।

শুনানিকালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন। পলাতক ১৬ আসামির পক্ষেও একজন আইনজীবী উপস্থিত ছিলেন। কারাগারে থাকা ২২ আসামির পক্ষে আগামী ধার্য তারিখে লিগ্যাল এইড অফিস থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলে আদালতকে জানানো হয়। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি।

মামলার চার্জশিট অনুযায়ী এখনো ১৬ জন আসামি পলাতক রয়েছেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—চন্দন দাশ মেথর, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য্য, শুভ কান্তি দাশ, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ দাস, রুমিত দাস, নয়ন দাশ, ওমকার দাশ, বিশাল, লালা দাশ, সামীর, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাস, সুমিত দাশ, সনু দাস, সকু দাস, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাস।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে নতুন করে সংশ্লিষ্টতা পাওয়ায় চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও কয়েকজনকে যুক্ত করে মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। আদালত গত ২৫ আগস্ট চার্জশিট গ্রহণ করেন।

সম্পর্কিত