রায়গঞ্জে বালু ব্যবসায়ী অপহরণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে উপজেলার ধানগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্যজন হলেন মো. রাকিব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযোগ রয়েছে, গ্রেপ্তারকৃত স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

গত ২ মে ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তার পথরোধ করা হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে তাকে অপহরণ করে ঝাপড়া বালুর পয়েন্ট ও ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে আটকে রাখা হয়। সেখানে পরিবারের কাছে ফোন করে আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। প্রথমে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।

সম্পর্কিত