চট্টগ্রামের রাউজান পৌরসভায় কাউছার উর জামান বাবলু (৩৬) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি স্থানীয়ভাবে বালু, ইট সরবরাহ ও ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবলু পার্শ্ববর্তী এলাকায় নানাবাড়িতে দাওয়াত শেষে মামাতো ভাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব আলীখীল খামার টিলা এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। প্রথমে তাকে মারধর করা হয়, পরে গুলি করে হত্যা করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবা আবুল কালাম সওদাগর জানান, তার ছেলে এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতেন এবং এ নিয়ে বিভিন্ন সময় বিরোধ তৈরি হয়েছিল। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত নয় বলে তিনি জানান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।