বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি এবং পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন।
রোববার (২৪ মে) বেলা ১১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—বিড়ি শ্রমিকদের কর্মদিবস বৃদ্ধি, বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা।
মানববন্ধন শেষে শ্রমিকরা পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমনির্ভর শিল্প। তাই এ শিল্প রক্ষায় আগামী বাজেটে বিড়ির ওপর শুল্ক বৃদ্ধি না করার দাবি জানান তারা। পাশাপাশি শ্রমিকদের কর্মদিবস বাড়ানোরও আহ্বান জানান।
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাভলু, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, সহসভাপতি রাণী খাতুন, যুগ্ম সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক দুলাল মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, কোষাধ্যক্ষ টোকন রায় এবং শ্রম সম্পাদক চামেলি খাতুনসহ অনেকে।