খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম ছাইদুর সরমান ছাইদ (২৫)। তিনি পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে আসছিল বাসটি। পথে গুটুদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পাইকগাছা থেকে খুলনায় আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ছাইদুর সরমান ছাইদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।