সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমাকে স্বতন্ত্র উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী উত্তর সুরমা উন্নয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত স্বতন্ত্র উপজেলা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলের সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর—এই তিনটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। এ উপলক্ষে হালুয়ারঘাট ও ধারারগাঁও ফেরিঘাটসহ দুটি স্থানে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
এ সময় উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস্য সচিব সামসুল আলম রাসেল বলেন, দিনব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের মতামত ও সমর্থন সংগ্রহ করা হচ্ছে। তিনি জানান, ২০২৫ সালের ৬ ডিসেম্বর উত্তর সুরমা উন্নয়ন পরিষদের যাত্রা শুরু হয়। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক সংগঠন।
তিনি আরও বলেন, সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়ন নিয়ে একটি স্বতন্ত্র উপজেলা গঠনই সংগঠনের প্রধান লক্ষ্য। পাশাপাশি সুরমা নদীর ওপর সেতু নির্মাণ, ডলুরা শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন সেন্টার স্থাপন, বালাকান্দা চলতি নদীর ওপর সেতু নির্মাণসহ সার্বিক উন্নয়নের দাবিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
সামসুল আলম রাসেল বলেন, নদী যেখানে আশীর্বাদ হওয়ার কথা, সেখানে উন্নয়নের অভাবে তা উত্তর সুরমাবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটাতে উত্তর সুরমার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা জরুরি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উত্তরাঞ্চলের কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবায়িত হলে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সেই লক্ষ্যেই তিনটি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে গণস্বাক্ষর কর্মসূচি চলমান রয়েছে।