নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহান জাতীয় সংসদে ভুয়া ধর্ষণ ইস্যুতে বক্তব্য প্রদান এবং বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ঝাড়ু হাতে নিয়ে মিছিল করে প্রতিবাদ জানান এবং সংসদ সদস্যের বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অশালীন বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। তারা দাবি জানান, সংসদে দেওয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসউদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, ভুয়া তথ্য উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং তাদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।