নোয়াখালীতে বৈদ্যুতিক আগুনে ২৮টি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মোট ২৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে সুবর্ণচরের ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে ২৪টি দোকান আগুনে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ফলের দোকান, মুদি দোকান, কোল্ড কর্নার, ওষুধের দোকান ও ভাঙ্গারি দোকান রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে অল্প সময়ের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া বলেন, অগ্নিকাণ্ডে ২০ জন ব্যবসায়ীর ২৪টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, তাদের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ভোর সোয়া ৫টার দিকে একটি অগ্নিকাণ্ড ঘটে। এতে চারটি দোকান—একটি সেলুন, একটি লন্ড্রি, একটি কোল্ড কর্নার এবং একটি হোটেল—পুড়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উত্তম চৌধুরী জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দু’ই এলাকায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু’টি অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। তবে সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত