নাটোরের লালপুরে জুট মিলে সংঘটিত ডাকাতির ঘটনায় ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ৩০ মে লালপুর থানার অর্জুনপুর শ্রীরামগাড়ি এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে ১২ থেকে ১৪ জনের একটি দল ডাকাতি চালায়। ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে বেঁধে রেখে বিভিন্ন মালামাল লুট করে নেয়, যার মূল্য প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় মিল মালিক সাজিদ মল্লিক লালপুর থানায় মামলা করেন। এরপর ডিবি পুলিশ ও লালপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাবনার আটঘরিয়া উপজেলার মাহতাব মৃধা (৩২), লিটন প্রামাণিক (৪৬), সেলিম হোসেন (৩২), সাদ্দাম হোসেন (৩৫), আব্দুল খালেক (৩৪) এবং সাগর শেখ (২২)।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।