নেত্রকোনা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আরিক মিয়া (১২) নামে এক কিশোরের লাশ কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিক মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত ১১ মে রাত ১টার দিকে আরিক মিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
শনিবার স্থানীয় কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে ডোবায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা লাশটি আরিকের বলে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ অনুযায়ী, মরদেহের গলায় ইট এবং কোমরে বালুর বস্তা বাঁধা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও তারা জানান।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব মিয়া জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।