পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির ভুয়া সিল ও স্বাক্ষর জাল করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মো. মোস্তাফিজুর রহমান (৩৫) এবং দেবহাটা উপজেলার কামটা গ্রামের আব্দুর রহিম (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে পানিসম্পদমন্ত্রীর ভুয়া সিল তৈরি করে এবং স্বাক্ষর জাল করে জমি লিজ নেওয়ার চেষ্টা করে। বিষয়টি পাউবোর নির্বাহী প্রকৌশলীর নজরে এলে তিনি স্বাক্ষর যাচাই করে নিশ্চিত হন যে এটি আসল নয়।
এরপর অভিযুক্তরা পূর্বে জমা দেওয়া আবেদনের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৭৩ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।