মাদারীপুরে নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর থেকে রাজিন ইয়াসার সামি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে জেলা খাদ্য অফিসের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। নিহত রাজিন ইয়াসার সামি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সামি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্বজনরা সদর মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন।
মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত সামি বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি।