মাদারীপুরে হাউসদি বাজারে ভয়াবহ ডাকাতি

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদারীপুরের সদর উপজেলার হাউসদি বাজার এলাকায় গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল ডাকাত ৬টি স্বর্ণের দোকান ও ২টি মুদিখানা দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রূপা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) মধ্যরাতে সংঘটিত এ ঘটনায় প্রায় ৩৫ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রূপা এবং প্রায় ৩ লাখ টাকা লুট হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দুটি মুদিখানা দোকান থেকে প্রায় ৫ লাখ টাকার সিগারেট ও অন্যান্য পণ্যও নিয়ে যায় ডাকাতরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির কারণে ব্যবসায়ীরা আগেই দোকান বন্ধ করে চলে যান। বাজারে দীর্ঘদিন ধরে নাইটগার্ড না থাকায় সুযোগ নেয় সংঘবদ্ধ ডাকাতচক্র। তারা একটি ট্রাকে করে বাজারে প্রবেশ করে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলে সিসিটিভি ক্যামেরাও অচল হয়ে পড়ে।

এরপর একে একে নিউ প্রিয়াংকা জুয়েলার্স, শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স, নিউ নারান জুয়েলার্স, ভাগ্যশ্রী জুয়েলার্স, নিউ কনিকা জুয়েলার্স এবং মা লক্ষ্মী গহনালয়সহ বিভিন্ন দোকানের তালা ভেঙে লুটপাট চালায় তারা। কয়েকটি দোকানের সিন্দুক ভেঙে ফেললেও দুটি সিন্দুক ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা।

এ সময় ডাকাতদের দেখে ফেলায় স্থানীয় বাসিন্দা মিলন মোল্লা (৫৫)কে বেঁধে মারধর করা হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,

বহু বছরের সঞ্চয় এক রাতেই শেষ হয়ে গেছে। ভাগ্যশ্রী জুয়েলার্সের মালিক সেন্টু মালো বলেন, সিন্দুকে থাকা সব স্বর্ণ ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা, তিনি এখন নিঃস্ব।

নিউ প্রিয়াংকা জুয়েলার্সের মালিক পরিমল মালো বলেন,

দোকানের সব মালামাল লুট হয়ে গেছে, তাদের কাছে এখন কিছুই অবশিষ্ট নেই।

ঘটনার পর বাজারজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, নাইটগার্ড ও সিসিটিভি না থাকায় এমন বড় ডাকাতি সহজেই ঘটেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ও ডিবি টিম কাজ শুরু করেছে। দ্রুতই ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, বাজারে সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকাই এই ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত