গোপন চেম্বার থেকে ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামালপুরে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে জামালপুর-শেরপুর মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বড়টোডা বিশনাউড়ি এলাকার আক্তার হোসেন (৪৫), শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকার মিন মোক্তার ওরফে মনির হোসেন (৪৬), বিল্লাল হোসেন (৫৫) এবং প্রাইভেটকারচালক সাগর (৩০)।

পুলিশ জানায়, শেরপুর থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা জামালপুরে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কুটুরিয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সাদা রঙের টয়োটা প্রোবক্স প্রাইভেটকার থামানোর সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটির গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষভাবে তৈরি স্টিলের গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে খাকি কাগজে মোড়ানো ছয়টি প্যাকেটে থাকা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জামালপুর সদর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহকারী চক্র এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত