চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংক কর্মীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ধারার ব্যাংকগুলোর চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীতে মানববন্ধন করেছেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে তারা রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন।

এ কর্মসূচিতে ছয়টি শরিয়াহভিত্তিক ব্যাংকের কর্মীরা অংশ নেন। ব্যাংকগুলো হলো—ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই এসব ব্যাংক থেকে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বড় একটি অংশ চট্টগ্রাম অঞ্চলের বলে জানা গেছে।

আন্দোলনকারীরা জানান, হঠাৎ চাকরি হারিয়ে কয়েক হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পূর্ণ সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানান।

এ সময় তারা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিও তোলেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বিচারের দাবিও জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে, যা তারা অন্যায় সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

তারা তিন দফা দাবি তুলে ধরেন—সব চাকরিচ্যুত কর্মীকে স্বপদে পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং ভবিষ্যতে এ ধরনের বৈষম্য রোধে আইনি নিশ্চয়তা প্রদান।

উল্লেখ্য, ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তনের পর বেশ কয়েকটি ইসলামী ব্যাংকের কাঠামো পুনর্গঠন করা হয়েছে। কিছু ব্যাংক একীভূত করে নতুন ব্যবস্থাপনা গঠন এবং কিছু ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

সম্পর্কিত