পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন, যার নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর সিলেট জেলা বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হওয়া ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ্যানি বলেন, ইলিয়াস আলী একজন ত্যাগী ও গণতন্ত্রকামী নেতা ছিলেন। বর্তমান সরকার গুমের শিকার পরিবারের কষ্ট উপলব্ধি করে এবং গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই সিলেট সফর করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
দোয়া মাহফিলে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে ইলিয়াস আলীর সন্ধান ও দেশ-জাতির মঙ্গলে বিশেষ মোনাজাত করা হয়।