হরিদাসের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
জাতীয় প্রেস ক্লাবের সামনে হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি: সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে গাইবান্ধায় রামমূর্তিসহ শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালীমন্দির নির্মাণে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও বলেন, উপাসনালয় নির্মাণ ধর্মীয় স্বাধীনতার একটি মৌলিক অংশ। প্রতিটি ধর্মের মানুষের নিজস্ব উপাসনালয় নির্মাণ, সংরক্ষণ ও রক্ষার অধিকার রয়েছে। সরকারকে সেই অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংখ্যালঘু সম্প্রদায়েরও অংশগ্রহণ ছিল। সরকার গঠনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

গাইবান্ধায় মন্দির নির্মাণে বাধা দেওয়া হয়েছে দাবি করে তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, মন্দিরে কত উচ্চতার মূর্তি নির্মাণ করা যাবে, সে বিষয়ে আইনে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। তিনি দাবি করেন, যে মন্দিরকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ছিল এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। এরপরও মন্দিরের তত্ত্বাবধায়ক হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও সংখ্যালঘুদের ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ দেখা যায় না।

যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহার সঞ্চালনায় সমাবেশে সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেমন্ত আই কোরাইয়া, ঢাকা মহানগর শাখার সভাপতি অতুল মণ্ডলসহ অন্য নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

এদিকে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির তথ্য অনুযায়ী, তার ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার হিসাবে বৈধ আয়ের উৎস ছাড়াই প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধসহ বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্পর্কিত