গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র পিকআপ নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে চুরির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক আশপাশের লোকজনকে ডাক দেন।
এরপর এলাকাবাসী চোরদের ধাওয়া করে। একপর্যায়ে তারা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।