চুয়াডাঙ্গার জীবননগরে ২০২৬-২৭ মৌসুমে তুলা আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা জেলার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম ইজাজুল ইসলাম।
তিনি জানান, জীবননগর উপজেলায় বর্তমানে ২ হাজার ৬০০ জন তুলা চাষি রয়েছেন। এর মধ্যে চলতি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে তুলার বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, তুলা একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। সরকারের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের তুলা চাষে উৎসাহিত করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করলে তুলা চাষে ভালো ফলন ও লাভজনক উৎপাদন সম্ভব।
উপকারভোগী কৃষকেরা জানান, সরকারের দেওয়া বিনামূল্যের বীজ ও অন্যান্য কৃষি উপকরণ পেয়ে তারা উপকৃত হচ্ছেন। এতে তুলা চাষের খরচ কমবে এবং আরও বেশি জমিতে আবাদ করতে তারা উৎসাহিত হবেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর কটন ইউনিট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এ সময় তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।