মেসির ছবি ঘিরে সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।

আহতরা হলেন আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। তারা সবাই স্থানীয় বাসিন্দা। আহতদের মধ্যে কেউ গুরুতর নন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানান। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। এতে আপত্তি জানিয়ে আর্জেন্টিনা সমর্থকেরা ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি জানান। তবে দাবি না মানায় রোববার (৭ জুন) দিবাগত রাতে তারা ব্যানারটি নামিয়ে ফেলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন আহত হন।

পরে রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিরোধের অবসান ঘটে এবং ভবিষ্যতে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সম্মতি জানানো হয়।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী বলেন, মেসির আপত্তিকর ছবি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পরে আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, ব্যানারকে কেন্দ্র করে হাতাহাতির খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

সম্পর্কিত